আমাদের কথা ছিলো
- ইসমাইল আহসান তুহিন

আমাদের কথা ছিলো,
ভোরের আলো ফোটার আগে দু’জন মিলে চা বানাবো—
তুমি চিনি কম দেবে, আমি দুধ বেশি;
তারপর জানালার কাঁচে জমে থাকা কুয়াশায় আঙুল দিয়ে লিখবো আমাদের নাম।

আমাদের কথা ছিলো,
বৃষ্টির দিনে ছাতা ভিজিয়ে হাঁটবো,
ফুটপাতের ভেজা পত্রিকার ওপর দাঁড়িয়ে হাসবো—
কে আগে ঠান্ডা লাগাবে সেই বাজি ধরবো।

আমাদের কথা ছিলো,
ঈদের সকালে তুমি আমার শার্টের বোতাম লাগাবে,
আমি তোমার চুলে গোলাপ গুঁজে দেবো;
পরে দুপুরে গরম ভাত, ডাল আর ডিমভাজি খেতে খেতে
ছোট্ট সংসারের বড় সুখ নিয়ে গল্প করবো।

আমাদের কথা ছিলো,
ছাদের এক কোণে একটা নীল চেয়ারে তুমি বসবে,
আমি তোমার কোলে মাথা রেখে
পুরোনো গান শুনাবো—
হঠাৎ তুমি বলবে, “এই গানটা আমাদের গল্প।”

আমাদের কথা ছিলো,
ঝগড়া হলে দরজা ধাক্কা দিয়ে নয়,
চুপচাপ হাত ধরে বলবো, “থাক, আমরা তো এক।”
আমাদের কথা ছিলো, কষ্ট হলে দু’জনের চোখেই জল আসবে,
আনন্দ হলে দু’জনেই হেসে উঠবো।

আমাদের কথা ছিলো,
একদিন বুড়ো হয়ে গেলে
সাদা চুলে আঙুল চালিয়ে তুমি বলবে, “দেখো, সময়ও আমাদের আলাদা করতে পারেনি।”
আর আমি বলবো, “তুমি থাকলে জীবন এমনই সহজ।”

আমাদের কথা ছিলো—
একটা বালিশে দুইটা স্বপ্ন,
একটা আকাশে দুইটা চাওয়া,
একটা জীবনেই দুইটা মানুষ হয়ে থাকা।

কিন্তু কথা ছিলো বলেই রয়ে গেলো।
একদিন তুমি কৌশলে প্রতারণা করে,
মিথ্যা অজুহাতের আড়ালে সব প্রতিশ্রুতি ধুলোয় মিশিয়ে দিলে।
সুন্দর একটা সম্পর্কের ইতি টেনে দিয়ে
তুমি দিব্যি ভালো আছো—
আর আমি, এখনো সেই বালিশে একা,
অসমাপ্ত স্বপ্নগুলোর ভাঁজে এখনো তোমারই নাম খুঁজি।

©আমাদের কথা ছিলো
???? ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ইংরেজি,
???? হবিগঞ্জ, সিলেট।

#তুহিনেরকলম
#কবিতা_সংগ্রহ


২৬-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।